হরমুজে অবাধ নৌ চলাচল নিশ্চিতের আহ্বান, পাল্টাপাল্টি হামলা বন্ধ চায় তুরস্ক
পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টাপাল্টি সামরিক হামলা ইরান যুদ্ধ বন্ধে চলমান শান্তিপ্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
অঞ্চলটিতে অব্যাহত সামরিক উত্তেজনা ও পাল্টা হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ইরানের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় আঙ্কারা।
হাকান ফিদান আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংঘাত শুরুর আগের পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনা জরুরি।
তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের বর্তমান সংকট নিরসন এবং উত্তেজনা কমাতে তুরস্ক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে কাজ করছে।
তুরস্ক মনে করে, সামরিক সংঘাত অব্যাহত থাকলে শুধু সংশ্লিষ্ট দেশগুলো নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দ্রুত উত্তেজনা প্রশমন করে কূটনৈতিকভাবে সংকটের সমাধান করা প্রয়োজন।