নিরাপত্তা উদ্বেগে দুই দিন পরই সন্তানদের স্কুল বদলালেন হ্যারি-মেগান
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে স্কুলে ভর্তি হওয়ার মাত্র দুই দিন পরই সন্তানদের স্কুল পরিবর্তন করেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তবে আগের ও নতুন কোনো স্কুলের নামই প্রকাশ করা হয়নি।
রাজপরিবার ছাড়ার ছয় বছর পর গত আগস্টে পরিবারসহ যুক্তরাজ্যে ফিরে আসেন রাজা চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারি-মেগানের ৭ বছর বয়সী ছেলে প্রিন্স আর্চি ও ৫ বছর বয়সী মেয়ে প্রিন্সেস লিলিবেট চলতি মাসে স্কুলে যাওয়া শুরু করে।
নিরাপত্তার কারণে তাদের নতুন বাড়ির ঠিকানা এবং সন্তানদের স্কুলের তথ্য গোপন রাখা হয়েছিল। এর মধ্যেই সন্তানদের স্কুল পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান হ্যারি ও মেগানের একজন মুখপাত্র।
দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, আগের স্কুলে যাতায়াতের পথে দীর্ঘ দূরত্ব এবং অতিরিক্ত যানজটের কারণে শিশুদের নিরাপদে আনা-নেওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
সূত্রটি জানায়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে যাতায়াতের সময় অতিরিক্ত একটি গাড়ি বহরে রাখতে হতো। ব্যস্ত সময়ে এভাবে চলাচল করা কঠিন হয়ে পড়ছিল। এ কারণেই সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্কুল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রাজকীয় বাসভবনে না থাকা এবং রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন না করার শর্তে হ্যারি ও মেগান যুক্তরাজ্যে বসবাস শুরু করেন।