বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালতওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায় নিয়ে মন্তব্য, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায় নিয়ে মন্তব্য, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায় নিয়ে মন্তব্য, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এ আবেদন দাখিল করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।


আদালত অবমাননার আবেদনের মুখোমুখি হওয়া দুই আইনজীবী হলেন—হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী।


প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, আদালতের দেওয়া সর্বোচ্চ দণ্ডাদেশের রায় নিয়ে ‘বিভ্রান্তিকর ও আদালত অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।


এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন।


মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তাদের সবাইকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।