চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আজ বাংলাদেশ-ভারত, উত্তেজনায় ফুটবলপ্রেমীরা
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ফাইনালে আজ (১৮ মে) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে, আর স্বাগতিক ভারত ঘরের মাঠে ট্রফি জয়ের জন্য প্রস্তুত।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের অরুনাচল প্রদেশের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দুই দলই। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে উত্তেজনার পারদ থাকবে চরমে—এমনটাই আশা করছেন ফুটবলপ্রেমীরা।
যদিও ভারতের মাঠ ও হোম ক্রাউড স্বাগতিকদের পক্ষে থাকবে, তবুও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
২০২৩ সালে এই প্রতিযোগিতার সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে ফাইনালে নামবে ফয়সাল ও তার দল। তবে আত্মবিশ্বাসী হলেও বাংলাদেশ দল সাবধানতা অবলম্বন করছে, বিশেষ করে ভারত-বাংলাদেশ ম্যাচের অতীত উত্তেজনা মাথায় রেখে।
স্বাগতিকদের শক্তি মেনে নিয়েও লাল-সবুজ শিবির জানিয়ে দিয়েছে, কোনো ধরনের ভুলের সুযোগ নেই। তাদের চোখে এখন একটাই লক্ষ্য—ব্যাক টু ব্যাক শিরোপা জয়।