স্থানীয় সরকার ও ঠাকুরগাঁও-১ নির্বাচন নিয়ে মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক আজ
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে বৈঠকে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন।
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিনিধিদেরও বৈঠকে থাকার জন্য বলা হয়েছে।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসির প্রতিনিধিদেরও বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও এতে উপস্থিত থাকবেন।
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।