অডিও ভাইরালের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন শাখার ডিসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রশাসনিক কারণে রাকিবুল ইসলামকে ডিএমপি সদর দপ্তরের সিআরও শাখায় সংযুক্ত করা হয়েছে। অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। অডিওতে বর্তমান সরকার ও পুলিশ বাহিনী নিয়েও বিভিন্ন মন্তব্য শোনা গেছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ওসি রাকিবুল ইসলামের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
অডিওটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার মধ্যে বৃহস্পতিবার তার প্রত্যাহারের তথ্য জানায় ডিএমপি।