বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক জোরদারে আলোচনা, বিনিয়োগ বাড়ানোর আহ্বান
বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর ও বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এইচ.ই. জঁ-মার্ক সেরে-শার্লে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অগ্রাধিকার বিষয়, জলবায়ু পরিবর্তন এবং বহুপক্ষীয় অংশীদারিত্ব নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বান জানান।
এ ছাড়া বৈধ পথে কর্মী অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবীর। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের মানবিক সহায়তা এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পায়।