শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়বিএনপিও ডাকসু নির্বাচন ঠেকানোর চেষ্টা করতে পারে: সাদিক কায়েম

বিএনপিও ডাকসু নির্বাচন ঠেকানোর চেষ্টা করতে পারে: সাদিক কায়েম

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপিও ডাকসু নির্বাচন ঠেকানোর চেষ্টা করতে পারে: সাদিক কায়েম

বিগত সরকারের মতো বিএনপিও ডাকসু নির্বাচন আয়োজনে বাধা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তবে অতীতের মতো রাজনৈতিক হস্তক্ষেপের চর্চা আর চলবে না বলেও মন্তব্য করেছেন তিনি।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডাকসু প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ডাকসুর এক বছরের কার্যক্রম ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন ভিপি।


সাদিক কায়েমের দাবি, গত এক বছরে ডাকসুর বিভিন্ন কমিটি ও উদ্যোগের মাধ্যমে এক হাজারের বেশি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে পুরো সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।


তিনি বলেন, ডাকসুর জন্য নির্ধারিত বাজেট এখনো প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। তার অভিযোগ, পুরো সময়জুড়ে ডাকসু ও প্রশাসনের মধ্যে সহযোগিতার ঘাটতি ছিল।


পরবর্তী ডাকসু নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাদিক কায়েম। তিনি বলেন, বারবার অনুরোধ করা হলেও পরবর্তী নির্বাচনের বিষয়ে এখনো কোনো রূপরেখা দেওয়া হয়নি।


তবে প্রশাসনের অসহযোগিতার মধ্যেও ডাকসু শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আবাসন, পরিবহন, হলের খাবারের মানোন্নয়ন, স্বাস্থ্য ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে ডাকসুর কমিটিগুলো কার্যক্রম পরিচালনা করেছে।


উল্লেখ্য, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী তারা আরও ৯০ দিন রুটিন দায়িত্ব পালন করতে পারবেন বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে।