শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়আসিফ মাহমুদ ও স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক

আসিফ মাহমুদ ও স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক

favicon
ভোরের আলো ডেস্ক:
আসিফ মাহমুদ ও স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব, সম্পদ ও দেশে-বিদেশে লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে সংস্থাটি।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব এবং সম্পদসংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।


চিঠিতে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে তাদের নামে থাকা চালু, সুপ্ত ও বন্ধ—সব ধরনের হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে ডেবিট ও ক্রেডিট কার্ড, ব্যাংক লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্রও চেয়েছে দুদক।


এ ছাড়া দেশে ও বিদেশে তাদের আর্থিক লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে। পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগসংক্রান্ত নথি ও রেকর্ডপত্রের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। ওই দেশগুলোতে তাদের কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, বিদেশি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে সে তথ্যও সংগ্রহ করে দিতে বলা হয়েছে।


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থপাচারের বিভিন্ন অভিযোগের বিষয়ে চলতি মাসের শুরুতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।


দুদক জানিয়েছে, অভিযোগগুলো যাচাই ও অনুসন্ধানের অংশ হিসেবেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এর আগে বলেছিলেন, অনুসন্ধান শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নেই।