রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালতআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, ২০৪ আসামি পলাতক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, ২০৪ আসামি পলাতক

favicon
ভোরের আলো ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, ২০৪ আসামি পলাতক

চব্বিশের গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুম, আটক, নির্যাতন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বেঞ্চে ২২টি মামলার বিচার চলছে। এসব মামলায় মোট আসামি ২৭৫ জন।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় সূত্র জানিয়েছে, ২৭৫ আসামির মধ্যে ২০৪ জনই পলাতক। বাকি ৭১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।


বিচারাধীন ২২ মামলার মধ্যে একটি মামলার রায় যেকোনো সময় ঘোষণা হতে পারে। চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এ মামলায় আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজন। গত ১০ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। চার আসামিই পলাতক।


সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনকাল এবং চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও ৪৪টি মামলার তদন্ত চলছে। এসব মামলায় আসামি ১৪৪ জন।


বিচারাধীন মামলাগুলোর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, আটক, নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলার বিচার চলছে। এর মধ্যে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেল এবং ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম, আটক ও নির্যাতনের অভিযোগে করা দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।


এ ছাড়া শাপলা চত্বরের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ড, কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’, গাজীপুরের জয়দেবপুর এবং টেকনাফে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় করা মামলাও বিচারাধীন রয়েছে।


চলমান ও তদন্তাধীন মামলাগুলোর মধ্যে ট্রাইব্যুনাল-১-এর অধীনে ৩৪টি এবং ট্রাইব্যুনাল-২-এর অধীনে ১০টি মামলা রয়েছে। অভিযোগের ধরন অনুযায়ী এর মধ্যে গুমসংক্রান্ত ১১টি, কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের দুটি, জঙ্গি দমনের নামে হত্যাকাণ্ডের একটি এবং চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৩০টি মামলা রয়েছে।


ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গুমের মামলাগুলো অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হচ্ছে। শিগগিরই ১১টি গুমসংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।


এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ হওয়া আড়াই শতাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা প্রস্তুত করা হচ্ছে। এসব অভিযোগের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার ঘটনাও রয়েছে।