সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

favicon
সাইফুল আলম মিরাজ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

 বাংলাদেশে দায়িত্ব শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের সম্পর্ক আরও জোরদার, নতুন প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং বাংলাদেশের উন্নয়নে চীনের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। দায়িত্বকালে বাংলাদেশ-চীন সম্পর্ক এগিয়ে নিতে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার বিভিন্ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফলভাবে সম্পন্ন করতেও তার অবদানের প্রশংসা করেন তিনি।


হুমায়ুন কবির বলেন, ইয়াও ওয়েনের দায়িত্বকালেই বাংলাদেশ-চীন সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। একই সময়ে রাষ্ট্রীয় পর্যায়ে ‘টু প্লাস টু’ ব্যবস্থাসহ বেশ কয়েকটি নতুন প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি। এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।


বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান ইয়াও ওয়েন। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন।


ইয়াও ওয়েন জানান, ওই মন্ত্রীর বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।


ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দায়িত্ব পালনকালে অবদানের জন্য ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানিয়ে তার নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন তিনি।


সাক্ষাৎকালে ভবিষ্যতে আবারও দেখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।