জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় তুলে ধরবেন। সফরে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক এবং মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্রসচিব জানান, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়ও তুলে ধরবেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে কুয়েতের ক্রাউন প্রিন্স ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইনে বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে দেওয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এবারের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে চার মন্ত্রীসহ ৩৫ সদস্যের প্রতিনিধি দল থাকছে। সফরসঙ্গীদের মধ্যে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পর্যটনমন্ত্রী ও আইনমন্ত্রী রয়েছেন।
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।