জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে এবং দ্রুত সংশোধনী বিল আনা হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধনসংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জুলাই সনদের বাইরে নির্বাচনী ইশতেহারে থাকা কিছু বিষয়ও সংবিধান সংশোধনের আলোচনায় বিবেচনায় নেওয়া হবে। তবে কোনোভাবেই একপাক্ষিকভাবে সংবিধান সংশোধনের সুযোগ নেই। এদিনের আলোচনায় ১৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। তাই সংবিধানে থাকা সংশ্লিষ্ট বিষয়গুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে।
এ সময় আর্থিক বছরের সময় পরিবর্তনের উদ্যোগের কথাও জানান তিনি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও কার্যকর করার জন্য আর্থিক বছর ১ এপ্রিল থেকে ৩০ মার্চ পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থায় উচ্চকক্ষ থাকা অসম্ভব নয়। সাধারণত ফেডারেল রাষ্ট্রব্যবস্থায় দ্বিকক্ষ আইনসভা দেখা গেলেও এককেন্দ্রিক রাষ্ট্রে উচ্চকক্ষ থাকবে না—এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই।
তিনি বলেন, বাংলাদেশে রাজ্য বা প্রদেশ না থাকায় প্রাদেশিক প্রতিনিধিত্বের সুযোগ নেই। তবে রাষ্ট্র ও সমাজের গণ্যমান্য ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব আগে দেওয়া হয়েছিল। এ বিষয়টি বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারেও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারা আলোচনায় থাকতে চাইলে পরবর্তী পর্যায়েও অংশ নিতে পারবে। ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করে এরপর প্রতিবেদন তৈরির পরিকল্পনা রয়েছে।
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়নের কথা সালাহউদ্দিন আহমদ এর আগেও বিভিন্ন বক্তব্যে তুলে ধরেছেন।