আগামী বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা ও বকেয়া পরিশোধের আশ্বাস, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
আগামী বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বকেয়া পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রবিবার রাজধানীর শেরেবাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমি যখন শিক্ষা উপদেষ্টা ছিলাম, তখন প্রতিদিন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। তাদের অনেক দাবিদাওয়া শুনেছি, যেগুলো দীর্ঘদিন অবহেলিত ছিল। নতুন বাজেটে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। পাশাপাশি অবসর-কল্যাণ ভাতার যে ৫ থেকে ৬ বছরের বকেয়া রয়েছে, সেটাও পরিশোধ করা হবে। এজন্য পরিচালন ব্যয় কিছুটা বাড়বে।”
এছাড়াও তিনি জানান, বাজেট ব্যবস্থাপনাকে টেকসই করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং রাজস্ব বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেওয়া হবে।
এনইসি সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকার এডিপিও অনুমোদিত হয়েছে।