মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়শহীদ মুগ্ধর পরিবারের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

শহীদ মুগ্ধর পরিবারের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

favicon
সাইফুল আলম মিরাজ
শহীদ মুগ্ধর পরিবারের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


সোমবার (২১ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।


এ সময় মুগ্ধর পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানান তারা।


সাক্ষাৎকালে পরিবারের পক্ষ থেকে গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নাম সংবলিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয়।


রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না।