মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। একই মামলায় গাড়িচালক ওবায়দুল্লাহকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।


সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। গ্রেপ্তার দুজনকে আদালতে নেওয়া হয়েছে।


পুলিশ জানায়, নিহত মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে।


এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি সরকারি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল যায় এবং সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।


পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। মরিয়মের মৃত্যুর কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।


এ ঘটনায় গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।