মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালত২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি নিয়ে হাইকোর্টের রুল

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি নিয়ে হাইকোর্টের রুল

favicon
ভোরের আলো ডেস্ক:
২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি নিয়ে হাইকোর্টের রুল

দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা’র অভিযোগে গঠিত তদন্ত কমিটি কেন বিলুপ্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


আদালতে রিট আবেদনটি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাস। রিটকারীদের দাবি, এ ধরনের তদন্ত কমিটি গঠনের কোনো আইনগত এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই।


রিটকারীরা জানান, গত ৪ আগস্ট একটি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।


রিটে বলা হয়, ‘যাচাইহীন’ সংবাদের ভিত্তিতে শিক্ষকদের বিরুদ্ধে গঠিত সব তথ্য-অনুসন্ধান ও তদন্ত কমিটি বিলুপ্ত করতে হবে। একই সঙ্গে এসব কমিটির ভিত্তিতে পরবর্তীতে নেওয়া সব ধরনের ব্যবস্থা প্রত্যাহারেরও আবেদন জানানো হয়।


রিটকারীরা জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও তা নিষ্পত্তি করা হয়নি। পরে ওই আবেদন নিষ্পত্তি ও তদন্ত কমিটিগুলো বিলুপ্ত করার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়।


এর পরিপ্রেক্ষিতেই সোমবার হাইকোর্ট তদন্ত কমিটি কেন বিলুপ্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।