হজ নিবন্ধনের অর্থ জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় নির্ধারিত সময়ে হজের নিবন্ধনের অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত করার জন্য ওই দুদিন সারা দেশে হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী সব ব্যাংকের শাখা খোলা রাখা প্রয়োজন।
এ জন্য ২৫ ও ২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি ওই দুদিন অফিস সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত অর্থ জমাদানকারী ব্যক্তি ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ হজ নিবন্ধনের অর্থ গ্রহণের ব্যবস্থা রাখার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে এ ব্যবস্থা প্রয়োজন।