জ্বালানির মূল্যবৃদ্ধির আঁচ কাঁচাবাজারে, বাড়ছে সবজি-মাছ-মুরগির দাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ বিভিন্ন কাঁচাপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। এতে বাড়তি খরচের চাপে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে পণ্য পরিবহনে ট্রাক ও পিকআপের ভাড়া বেড়েছে। জ্বালানির দাম বাড়ায় আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে পরিবহন খাতে। ফলে পণ্য কেনা থেকে শুরু করে বাজারে পৌঁছানো পর্যন্ত বাড়তি ব্যয় যুক্ত হচ্ছে। সেই খরচ সমন্বয় করতেই পণ্যের বিক্রয়মূল্য বাড়াতে হচ্ছে তাদের।
রাজধানীর খিলক্ষেত খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আসা সবজির সরবরাহে পরিবহন ব্যয়ের প্রভাব পড়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, দূরবর্তী জেলা থেকে পণ্য ঢাকায় আনতে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
খিলক্ষেত বাজারে টাঙ্গাইল থেকে মাছ নিয়ে আসা এক পিকআপচালক জানান, টাঙ্গাইল থেকে ঢাকায় আসতে একটি পিকআপে প্রায় ২০ থেকে ২৫ লিটার জ্বালানি প্রয়োজন হয়। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় বেশি অর্থ খরচ হচ্ছে। এই বাড়তি ব্যয় শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যুক্ত হচ্ছে বলে জানান তিনি।
ব্যবসায়ীরা আরও জানান, পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা সাধারণত পরিবহনসহ বিভিন্ন অতিরিক্ত খরচ পণ্যের দামের সঙ্গে সমন্বয় করেন। ফলে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে ব্যয় বাড়লে তার প্রভাব ধাপে ধাপে খুচরা বাজারে গিয়ে পড়ে। শেষ পর্যন্ত বাড়তি দামের বোঝা বহন করতে হয় ভোক্তাদের।
এদিকে, নিত্যপণ্যের বাড়তি দামে বাজার করতে গিয়ে চাপে পড়েছেন সাধারণ মানুষ। আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সংসারের প্রয়োজনীয় পণ্য কেনা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন অনেক ক্রেতা। বাজারে পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।