জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান
#জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি নিউইয়র্কে পৌঁছায়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিমানবন্দর ও আশপাশের এলাকায় তারা ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। এটি হবে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণ। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন তিনি।
চার দিনের সফরে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। বিভিন্ন দেশের সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।
সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর ২৭ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।