বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোমখেলাফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বাধীন পর্যালোচনার প্রস্তাব ইনফান্তিনোর

ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বাধীন পর্যালোচনার প্রস্তাব ইনফান্তিনোর

favicon
ভোরের আলো ডেস্ক:
ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বাধীন পর্যালোচনার প্রস্তাব ইনফান্তিনোর

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাব নিয়ে সমালোচনার মধ্যে এবার ফিফার পরিচালন কাঠামো পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।


ফিফা কীভাবে গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত নেয়, তা পর্যালোচনার জন্য একটি স্বাধীন বাহ্যিক মূল্যায়ন করার প্রস্তাব দিয়েছেন তিনি। সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো স্বীকার করেছেন, সম্প্রতি বাতিল হওয়া একটি বিনিয়োগ পরিকল্পনা যেভাবে পরিচালনা করা হয়েছিল, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।


ফিফা কাউন্সিল ও সংস্থাটির ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতিদের কাছে পাঠানো চিঠিতে ইনফান্তিনো বলেন, গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্যোগের ক্ষেত্রে ফিফার বর্তমান পরিচালন কাঠামোর স্বাধীন বাহ্যিক পর্যালোচনা করা যায় কি না, সে বিষয়ে কাউন্সিলের মতামত জানতে চান তিনি। একই সঙ্গে প্রয়োজনীয় উন্নতির বিষয়ে সুপারিশ পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।


ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর করতে কনফেডারেশন, সদস্য অ্যাসোসিয়েশন ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার প্রস্তাবও দিয়েছেন ইনফান্তিনো।


প্রস্তাবিত পর্যালোচনায় গুরুত্বপূর্ণ উদ্যোগের ক্ষেত্রে কার কী ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে, তা খতিয়ে দেখা হবে। এতে ফিফা সভাপতি, ব্যুরো, কাউন্সিল ও কংগ্রেসের পৃথক ভূমিকার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি কীভাবে আরও বাড়ানো যায়, সেটিও পর্যালোচনা করা হবে।


সম্প্রতি বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। পরে তিনি এ নিয়ে ক্ষমাও চান। সেই বিতর্কের মধ্যেই ফিফার পরিচালনব্যবস্থা পর্যালোচনার এই উদ্যোগের প্রস্তাব সামনে এলো।