বামার লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট
বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের আপিল বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে প্রজ্ঞাপনটি স্থগিতের নির্দেশ দেন।
জানা গেছে, বালাইনাশক আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রভাবে বাণিজ্য মন্ত্রণালয় বামা ও বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনকে (বিসিপিএ) একীভূত করার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর বামার ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বামার পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রজ্ঞাপনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা স্থগিতের আদেশ দেন।
বিষয়টি সংগঠনের সদস্যদের জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন বামার সাধারণ সম্পাদক এম এ মান্নান ও সভাপতি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান।
বামার আইনজীবী ব্যারিস্টার মো. সালেকুজ্জামান জানান, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, আদালতের আদেশের ফলে বামা আগের মতো বৈধ ট্রেড অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। সংগঠনটি পুনরায় তাদের কার্যক্রম আইনগতভাবে পরিচালনার সুযোগ পেয়েছে বলেও জানান তিনি।
আইনজীবীর ভাষ্য, প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিচার বিভাগের হস্তক্ষেপের মাধ্যমে বামার সাংগঠনিক ও পেশাদারি কার্যক্রম পরিচালনার আইনগত অবস্থান পুনর্বহাল হয়েছে।