মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলা ডিবিতে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, মামলার আসামি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
এর আগে সোমবার এ মামলায় গাজী নজরুলকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। বর্তমানে তারা ডিবির হেফাজতে রয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
পরে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ রোববার গাজী নজরুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
এর আগে গত ২২ জুলাই ‘নৈতিক অসদাচরণের’ অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।
এদিকে সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে মরিয়ম খাতুনকে দাফন করা হয়েছে।