তারেক রহমানের সঙ্গে জুলি বিশপের সৌজন্য সাক্ষাৎ
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সাক্ষাৎকালে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকটের একটি টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে জুলি বিশপ রোহিঙ্গা সংকটসহ মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে কাজ করছেন।