বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোমখেলা২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে রাখতে চায় আর্জেন্টিনা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে রাখতে চায় আর্জেন্টিনা

favicon
ভোরের আলো ডেস্ক:
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে রাখতে চায় আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে হাঁটছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপজয়ী এই কোচকে অন্তত ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চুক্তিতে আরও দুই বছর বাড়ানোর সুযোগ রেখে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে দলের দায়িত্বে রাখার পরিকল্পনা করছে আর্জেন্টিনা।


লাতিন আমেরিকার একাধিক ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও স্কালোনির মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন মেয়াদে দায়িত্ব পালনের বিষয়ে স্কালোনি সম্মতি জানিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এখন মূলত আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা বাকি রয়েছে।


আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, চুক্তি নবায়নে স্কালোনির সম্মতি রয়েছে। অন্যদিকে ডি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তিটি ‘দুই প্লাস দুই’ মেয়াদের হতে পারে। অর্থাৎ প্রথমে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তি করে পরবর্তী সময়ে তা ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হতে পারে।


এর আগে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা অধ্যায় শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। ফাইনালের পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। চলতি বছরের ডিসেম্বরেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।


তবে সাম্প্রতিক পরিস্থিতিতে স্কালোনিকেই দায়িত্বে রাখার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে আর্জেন্টিনা। ফাইনালের পর খেলোয়াড়দের মধ্যে শাস্তির ঘটনা এবং লিওনেল মেসির অবসর—সব মিলিয়ে দলের জন্য পরিবর্তনের সময় চলছে। এমন পরিস্থিতিতে স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


চুক্তি নবায়নের বিষয়ে দলের খেলোয়াড়দের মতামতও নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে অধিকাংশ খেলোয়াড়ই স্কালোনিকে দায়িত্বে রাখার পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।


সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির নতুন মেয়াদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।