শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলামেসির ডাকে এবার ইন্টার মিয়ামির পথে দি মারিয়া

মেসির ডাকে এবার ইন্টার মিয়ামির পথে দি মারিয়া

favicon
ভোরের আলো ডেস্ক:
মেসির ডাকে এবার ইন্টার মিয়ামির পথে দি মারিয়া

লিওনেল মেসির ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যেই ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন তার তিন সাবেক বার্সেলোনা সতীর্থ—লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। দলের কোচের দায়িত্বে রয়েছেন আরেক আর্জেন্টাইন ও সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো। এবার সেই তালিকায় যোগ দিতে পারেন মেসির প্রিয় বন্ধু আনহেল দি মারিয়াও।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ইন্টার মিয়ামি ইতোমধ্যে দি মারিয়াকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। এমনকি তিনি যুক্তরাষ্ট্রে মিয়ামিতে বাড়িও দেখে গেছেন।

আন্তর্জাতিক ফুটবল থেকে গত বছর কোপা আমেরিকা জয়ের পর অবসর নেওয়া ৩৭ বছর বয়সী এই উইঙ্গার শনিবার রাতে পর্তুগিজ ক্লাব বেনফিকায় তার দ্বিতীয় মেয়াদ শেষ করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দি মারিয়া লেখেন, “দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ করাটা খুব কষ্টের। এই জার্সিতে এটি ছিল আমার শেষ লিগ ম্যাচ। এ জার্সি পরতে পেরে গর্বিত।”

আগামী রোববার স্পোর্টিং লিসবনের বিপক্ষে পর্তুগিজ কাপের ফাইনাল খেলেই বেনফিকার হয়ে তার অধ্যায় শেষ করবেন। এরপর ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ১৬ বছর একসঙ্গে জাতীয় দলে খেললেও ক্লাব পর্যায়ে কখনো একসঙ্গে মাঠে নামা হয়নি মেসি ও দি মারিয়ার। তবে এবার মিয়ামির জার্সিতে সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।