বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাস ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাস ভাড়া

favicon
মাহামুদুল হাসান
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাস ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।


নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।


এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।


তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন এই ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে কার্যকর হবে। গ্যাসচালিত বাস ও মিনিবাসের ভাড়ায় এর কোনো প্রভাব পড়বে না।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।


একই সঙ্গে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বিআরটিএর পক্ষ থেকে সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত প্রজ্ঞাপনে তিন শ্রেণির বাস ও মিনিবাসের ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।


নতুন ভাড়া কার্যকরের মধ্য দিয়ে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।