শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ জরুরি প্রস্তাব

রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ জরুরি প্রস্তাব

favicon
সাইফুল আলম মিরাজ
রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ জরুরি প্রস্তাব

দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের একটি কনফারেন্স রুমে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন।


বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় শুধু সহমর্মিতা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়া এবং বাস্তুচ্যুতি ব্যবস্থাপনার পরিবর্তে বাস্তুচ্যুতির অবসান ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।


তারেক রহমানের পাঁচ প্রস্তাবের মধ্যে রয়েছে—রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি করা।


দ্বিতীয়ত, রোহিঙ্গাসহ সব বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ করে তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।


তৃতীয় প্রস্তাবে রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পূর্বানুমানযোগ্য মানবিক সহায়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।


চতুর্থত, রোহিঙ্গা সংকটের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের বিচার ও জবাবদিহির ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।


এ ছাড়া মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রস্তাব দেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। শুধু আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে দীর্ঘমেয়াদি এই সংকটের সমাধান সম্ভব নয়; রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে হবে।