মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।


আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।


এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা জোরদার এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।