শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › রোহিঙ্গা সংকট এখনো শেষ হয়নি, নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক আহ্বান

রোহিঙ্গা সংকট এখনো শেষ হয়নি, নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
রোহিঙ্গা সংকট এখনো শেষ হয়নি, নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক আহ্বান

রোহিঙ্গা সংকট এখনো শেষ হয়নি উল্লেখ করে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর টেকসই, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে এ আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে বক্তারা দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা বাস্তুচ্যুতির স্থায়ী ও সম্মানজনক সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও দীর্ঘমেয়াদে টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়।


বক্তারা বলেন, বছরের পর বছর নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হয়ে শরণার্থী হিসেবে জীবনযাপন করলেও রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ কমে যাওয়ার সুযোগ নেই। সংকটের স্থায়ী সমাধানে বিশ্বনেতাদের রাজনৈতিক অঙ্গীকার ও দায়বদ্ধতা অব্যাহত রাখতে হবে।


একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দিয়ে আসা স্থানীয় স্বাগতিক জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


আলোচনায় অতীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।


বক্তারা আরও বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনের প্রক্রিয়া ও শর্ত নির্ধারণের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে প্রত্যাবাসনসংক্রান্ত আলোচনায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।