শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন।


বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।


মাহদী আমিন বলেন, তারেক রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন। এতে বাংলাদেশের মানুষের আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা তুলে ধরবেন তিনি।


তারেক রহমানের এ ভাষণকে বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন মাহদী আমিন। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন।


এদিকে জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের আমন্ত্রণে একই দিনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলাবিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায়ও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি উদ্বোধনী বক্তব্য দেবেন।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘আস্থা পুনর্গঠন, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।