শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: মঞ্জু

জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: মঞ্জু

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: মঞ্জু

সাত মাসে দুইবার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


মজিবুর রহমান মঞ্জু বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পুরো দায় সরকার জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তের প্রভাব দেশের বিভিন্ন খাতে পড়বে এবং সাধারণ মানুষকে এর চাপ বহন করতে হবে।


তিনি বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ হিসেবে তেল পাচার রোধের কথা বলছে। কিন্তু তেল পাচার বন্ধ করতে না পারা সরকারের ব্যর্থতা। সেই ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দিয়ে দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।


এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন, কৃষি, পণ্য উৎপাদন ও সরবরাহসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়বে। এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়তে পারে।


ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার এই কার্ডের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। কিন্তু যারা ফ্যামিলি কার্ডের আওতার বাইরে রয়েছেন, তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।


তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর যে বাড়তি চাপ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকারকে বিকল্প ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।