শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

favicon
ভোরের আলো ডেস্ক:
মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।


প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে এদিন গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল জানিয়েছেন, মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অভিমান থেকে আত্মহত্যা করেছেন। তবে মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় ঘটনার মূল রহস্য উদঘাটনে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।


এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।


মামলায় গ্রেপ্তারের পর গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এক দিনের রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়। পরে ২৩ সেপ্টেম্বর মামলার অপর আসামি ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানো হয়।


মরিয়মের মৃত্যুর ঘটনা তদন্ত করছে ডিবি পুলিশ। তদন্তে ঘটনার প্রকৃত কারণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।