ককটেল বিস্ফোরণ: প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করবে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যের বিষয়ে প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ মিয়া এ তথ্য জানান।
গত ২১ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার এনসিপির তিনটি দাবি মেনে নিলে রাজধানীতে আর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না।
পাটওয়ারীর ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, রাজধানীতে সংঘটিত নাশকতার ঘটনা এবং এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নাশকতার পরিকল্পনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বর্তমানে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল এবং নাশকতার পরিকল্পনায় ককটেল ও মুখোশ সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানীতে সাম্প্রতিক কয়েকটি নাশকতার ঘটনায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।
তবে এসব ঘটনায় তদন্তের অগ্রগতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।