রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।


সূচি অনুযায়ী, ফ্লাইটটি শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দুবাই পৌঁছাবে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর রাত ২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সবকিছু নির্ধারিত সময় অনুযায়ী চললে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ।


সফরকালে সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে আয়োজিত বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন তিনি।


অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


নিউইয়র্ক সফর শেষে নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।