নভেম্বরে তারেক রহমানের ভারত সফর, তৃতীয় সপ্তাহে সম্ভাব্য সময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে এ সফর আয়োজনের সম্ভাবনা রয়েছে।
এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এবার নতুন করে সফরের তারিখ নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর সফর নিয়ে আলোচনা আরও গতি পেতে পারে।
তবে সফরটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে কয়েকটি অমীমাংসিত দ্বিপক্ষীয় ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও রয়েছে। ভারতের পক্ষ থেকে এর আগে বলা হয়েছে, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে।
এরই মধ্যে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মোদিও দ্রুত তার জবাব দেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার এই বার্তা বিনিময় সফরের তারিখ নির্ধারণের আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক যোগাযোগের ইঙ্গিত দিয়েছে। তবে এটিকে সফরের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।
এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে তারেক রহমানের ভারত সফরের কোনো চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সাম্প্রতিক অন্য প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা চললেও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
সেপ্টেম্বরের মাঝামাঝি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফরের খবরও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে তার সফরের বিষয়ে ভারত ও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করেনি বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকায় তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে কূটনৈতিক তৎপরতাও নজরে রয়েছে।