দ্রুত সংবিধান সংস্কার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাহিদের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, সংস্কার ইস্যুতেও স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন। সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি নানা বক্তব্য দিয়ে বিষয়টি এড়িয়ে যেতেন বলেও অভিযোগ করেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই—এটি এখন জনগণের সামনে স্পষ্ট। এ পরিস্থিতির জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার নির্বাচিত হওয়ার পর দেশে মব বা সংঘবদ্ধ জনতার সহিংসতা বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং সরকার নিজেদের দলীয় নেতাকর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারছে না বলে দাবি করেন নাহিদ।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে ভাঙচুর ও ফৌজদারি অপরাধের ঘটনা ঘটলেও এখন ভুক্তভোগীকেই দায়ী করার চেষ্টা করা হচ্ছে। তাঁর অভিযোগ, ঘটনাস্থলে প্রশাসন নিষ্ক্রিয় ছিল এবং হামলাকারী ও ভুক্তভোগীর দায় নিয়ে সরকার নানা ধরনের বক্তব্য দিচ্ছে।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। তাঁর দাবি, সারাদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির সঙ্গে পুলিশের একটি অংশ জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ বলেন, পুলিশ কমিশন গঠন ও পুলিশ সংস্কার না হওয়ায় পদোন্নতি ও পদায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো সরকারের ওপর নির্ভরশীল। এর ফলে আবারও দলীয় পুলিশ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ বলেন, নির্বাচনটি দফায় দফায় পিছিয়ে দেওয়া হচ্ছে। সরকারের মন্ত্রী ও নির্বাচন কমিশনের বক্তব্যেও এ বিষয়ে ভিন্নতা দেখা যাচ্ছে। তাঁর দাবি, নির্ধারিত সময়ে এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে নাহিদ বলেন, ওই বক্তব্যে দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী সেখানে নিজেদের নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন প্রকল্পের কথা বলেছেন, কিন্তু আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরতে পারেননি।
সংবিধান সংশোধন কমিটি নিয়েও আপত্তি জানান নাহিদ। তিনি বলেন, জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটি জনস্বার্থবিরোধী। সংস্কারের বিষয়ে সরকারের সদিচ্ছা নেই বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দ্রুত সংবিধান সংস্কার নিয়ে সভা ডাকতে হবে। তা না হলে এনসিপি কঠোর কর্মসূচির দিকে যাবে।