মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › খেলা › ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান ডেভিড বুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান ডেভিড বুন

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান ডেভিড বুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও আইসিসির সাবেক ম্যাচ রেফারি ডেভিড বুন। আগামী ২৮ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।


ক্রিকেট অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভায় বর্তমান চেয়ারম্যান মাইক বেয়ার্ড দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। এরপর আনুষ্ঠানিক চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে বুনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।


দায়িত্ব পাওয়ার পর ডেভিড বুন মাইক বেয়ার্ডের নেতৃত্ব ও অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের ক্রিকেট থেকে শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির বোর্ড পর্যায় পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রতি বেয়ার্ডের অঙ্গীকার ও নেতৃত্ব প্রশংসনীয়।


বিদায়ী চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, আনুষ্ঠানিক চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ডেভিড বুন অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব নিতে সম্মত হওয়ায় তিনি আনন্দিত। আগামী কয়েক সপ্তাহে বুনের সঙ্গে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানান তিনি।


২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন বেয়ার্ড। ছয় বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডে কাজ করার পর তিনি আর দায়িত্বে না থাকার সিদ্ধান্ত বোর্ডকে জানান।


ডেভিড বুন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডে যোগ দেন। এর আগে ক্রিকেট তাসমানিয়ার বোর্ড পরিচালক হিসেবে নয় বছর দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে তিন বছর প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বেও ছিলেন।


অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় খেলা বুন পরবর্তী সময়ে আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেন।