মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক

আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) আবুধাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। বিষয়টি পরে রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনেও উঠে আসে।


ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহু একটি ব্যক্তিগত বিমানে করে আবুধাবি যান। সেখানে তিনি শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন। তাঁর কার্যালয় আগে থেকে সফরের কোনো ঘোষণা দেয়নি।


অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে অবহিত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে শেখ মোহাম্মদ নেতানিয়াহুকে সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করেছিলেন—এমন একটি সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। নেতানিয়াহু ওই প্রতিবেদন অস্বীকার করেছেন।


সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৩ সালের হামলার আগে শেখ মোহাম্মদ নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য বড় ধরনের হামলা সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে ওই সতর্কবার্তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর কাছে পৌঁছেছিল কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। নেতানিয়াহুর কার্যালয় এ দাবি প্রত্যাখ্যান করেছে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সফরটি নিয়ে নেতানিয়াহুর কার্যালয় এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আমিরাতের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে তারা সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে।


এর আগে চলতি বছরের মে মাসেও নেতানিয়াহুর আমিরাত সফর নিয়ে দুই পক্ষের ভিন্ন বক্তব্য সামনে এসেছিল। সে সময় নেতানিয়াহুর কার্যালয় সফরের কথা জানালেও আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা অস্বীকার করেছিল।


নতুন এই সফর এমন সময়ে হলো, যখন ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে পাওয়া সতর্কবার্তা নিয়ে নতুন করে আলোচনা চলছে।