জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
টানা জ্বরে আক্রান্ত হয়ে ২০তম এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। জাপানের নাগোয়ায় দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই অসুস্থতায় ভুগছেন তিনি।
শারীরিক পরীক্ষায় শান্তর শরীরে সংক্রমণের উপস্থিতি ধরা পড়েছে। এ কারণে তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, জাপানে দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই জ্বরে ভুগছেন শান্ত। এরই মধ্যে চার দিন পেরিয়ে গেলেও তার জ্বর কমেনি। এটি মূলত মৃদু জ্বর হলেও বিভিন্ন পরীক্ষায় তার শরীরে সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
টানা জ্বরের কারণে শান্ত শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন বলেও জানান দলের ফিজিও। এশিয়ান গেমসের ম্যাচ চলাকালে তার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
এ কারণে উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত বিশ্রামের কথা বিবেচনা করে শান্তকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।