মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › লেদার ও ফুটওয়্যার শিল্পকে অগ্রাধিকার দেবে সরকার: শিল্পমন্ত্রী

লেদার ও ফুটওয়্যার শিল্পকে অগ্রাধিকার দেবে সরকার: শিল্পমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
লেদার ও ফুটওয়্যার শিল্পকে অগ্রাধিকার দেবে সরকার: শিল্পমন্ত্রী

লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা কৃত্রিম লেদারভিত্তিক শিল্পকে সরকার অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


তিনি বলেন, লেদারভিত্তিক শিল্পখাতগুলো একসঙ্গে বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। তাই আগামী দিনে এসব শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, উৎপাদন খাতে বিনিয়োগের অন্যতম বড় সুবিধা হলো তুলনামূলক কম পুঁজিতে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়। প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সে দক্ষ জনবল তৈরি করা প্রয়োজন।


এ জন্য তরুণদের প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


তিনি বলেন, বাংলাদেশের তুলনায় জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই। দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।


অনুষ্ঠানে জানানো হয়, দক্ষতা উন্নয়নে বিটাকের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫ শতাংশের বেশি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। চাহিদাভিত্তিক কারিগরি শিক্ষা দেওয়ায় প্রশিক্ষণার্থীরা কর্মক্ষেত্রে ভালো করছেন বলেও অনুষ্ঠানে জানানো হয়।


এ সময় কর্মকর্তারা জানান, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।