মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

favicon
ভোরের আলো ডেস্ক:
সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার কাছাকাছি এসে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে।


সোমবার বিকেল ৩টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা থেকে ১ হাজার ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে। এর কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে।


নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।