বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › ভ্যাট-সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

ভ্যাট-সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

favicon
ভোরের আলো ডেস্ক:
ভ্যাট-সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বিধানে করদাতাদের রিটার্ন বা দাখিলপত্র জমা দেওয়ার সময়সীমাতেও পরিবর্তন আনা হয়েছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম নিয়মিত বৈঠকে অধ্যাদেশটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।


নতুন বিধান অনুযায়ী, কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে করদাতাকে রিটার্ন বা দাখিলপত্র জমা দিতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিন বা রিটার্ন জমা দেওয়ার শেষ দিন সরকারি ছুটির দিনে পড়লে, পরবর্তী প্রথম কার্যদিবসে কোনো জরিমানা ছাড়াই দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।


এ ছাড়া সরকারি ও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এবং নিল রিটার্ন দাখিলকারীদের জন্য তুলনামূলক বেশি সময় রাখা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।


একইভাবে শূন্য রিটার্ন বা নিল রিটার্ন দাখিলকারী ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্যও কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।


এদিকে একই বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ ও সফল অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী এবং পুরো প্রতিনিধি দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।