বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › মিয়ানমার উপকূলে গভীর নিম্নচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত

মিয়ানমার উপকূলে গভীর নিম্নচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত

favicon
ভোরের আলো ডেস্ক:
মিয়ানমার উপকূলে গভীর নিম্নচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।


মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।


এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।