৩ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে দেশের তিন জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে হবে।