বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়ইশরাকের মেয়র পদের বিষয়ে সিদ্ধান্ত আজ

ইশরাকের মেয়র পদের বিষয়ে সিদ্ধান্ত আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইশরাকের মেয়র পদের বিষয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন দায়িত্ব পাবেন কিনা, সেই সিদ্ধান্ত জানা যাবে আজ বুধবার (২১ মে)। এদিন দুপুরে হাইকোর্টে তার শপথ অনুষ্ঠান স্থগিত চেয়ে দায়ের করা রিটের ওপর আদেশ দেবেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।

মঙ্গলবার রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন এবং ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন এম মাহবুবউদ্দিন খোকন ও কায়সার কামাল।

এদিকে, বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়ন। এই ঘোষণায় একাত্মতা জানিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরাও। তারা ১৪ মে থেকে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন, ফলে কার্যত অচল হয়ে পড়েছে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম।

অবস্থানের কারণে নগর ভবন এলাকায় প্রতিদিন যানজট তৈরি হচ্ছে, চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এবং সেবা নিতে আসা নাগরিকরা। স্থানীয় সরকার বিভাগের অফিস নগর ভবনে থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিয়মিতভাবে কার্যালয়ে যেতে পারছেন না।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত হন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তবে ২০২4 সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তার মেয়র হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

তবে এখনও তার শপথ অনুষ্ঠান হয়নি। মঙ্গলবার সাভারে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "আইনি জটিলতা থাকার কারণে ইশরাক হোসেনকে এখনও শপথ পড়ানো সম্ভব হয়নি।"

আজকের আদালতের রায়ের ওপর নির্ভর করছে, ইশরাক হোসেনের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে কিনা।