বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঢাকা-দিল্লির চ্যালেঞ্জ সমাধানে দুই প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ: ভারতীয় হাইকমিশনার

ঢাকা-দিল্লির চ্যালেঞ্জ সমাধানে দুই প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ: ভারতীয় হাইকমিশনার

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা-দিল্লির চ্যালেঞ্জ সমাধানে দুই প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ: ভারতীয় হাইকমিশনার

ঢাকা-দিল্লি সম্পর্কে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিষয়টি নিয়ে একই ধরনের মন্তব্য এর আগেও করেছেন ভারতীয় হাইকমিশনার।


দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জনগণের জীবনমান উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে, তবে সফরের তারিখ বা মাস এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষের জন্য উপযুক্ত সময়ে সফরটি হবে বলে তিনি জানান।


ভারতীয় হাইকমিশনার আরও বলেন, এ সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই। ভারত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমন্ত্রণ খোলা রয়েছে বলেও তিনি জানান।


তিনি বলেন, দুই দেশের জনগণ সম্পর্কের একটি নতুন ও ইতিবাচক অধ্যায় দেখতে চায়। রাজনৈতিক পর্যায়ে আলোচনা ও যোগাযোগের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।


এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। সৌজন্য সাক্ষাতে দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয় নিয়ে কথা হয়েছে।


এর আগে ২৯ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকেও দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য তাড়াহুড়োর প্রয়োজন নেই এবং উপযুক্ত সময়ে সফরটি হবে। তবে সম্ভাব্য নভেম্বর সফর নিয়ে কোনো সময়সূচি চূড়ান্ত হয়নি বলে তিনি জানিয়েছিলেন।