ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হলো সংরক্ষিত নারী আসন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর জাতীয় সংসদের ২৩ নম্বর নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ উপধারা অনুযায়ী সংসদের ৩২৩ নম্বর আসন, অর্থাৎ সংরক্ষিত নারী আসন-২৩, ওই দিন থেকে শূন্য হয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ওই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন সরকারপ্রধান।