রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়াম দেশে পৌঁছেছে, শনিবার নেওয়া হবে কেন্দ্রে
অবশেষে দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা ইউরেনিয়ামবাহী বিমান। ঢাকায় পৌঁছানোর পর আগামীকাল শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরেনিয়াম পরিবহনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত প্রক্রিয়ায় জ্বালানি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
এদিকে, বিদ্যুৎকেন্দ্রটির সেফটি ভাল্বের ত্রুটি সংশোধন করা হয়েছে এবং সেটি বর্তমানে কাজ করছে বলে জানিয়েছেন ফকির মাহবুব আনাম। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর শিগগিরই কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে, গত বৃহস্পতিবার ইউরেনিয়ামবাহী বিমানটির দেশে পৌঁছানোর কথা ছিল। বাংলাদেশ ও রাশিয়া এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইটটি বাতিল করতে হয়।
পরবর্তী সময়ে বিকল্প ব্যবস্থায় জ্বালানিবাহী বিমানটি দেশে পৌঁছেছে। এখন নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রস্তুতি চলছে।