সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে যৌথ অভিযান
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ফুয়াং ক্লাব ও বারে যৌথ অভিযান চলছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ক্লাবটিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অভিযান পরিচালনা করছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ক্লাবটিতে অভিযান শুরু হয়। তবে অভিযান শুরুর পর তাৎক্ষণিকভাবে সেখানে কী ধরনের অনিয়ম বা অসংগতি পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে ২০১৯ সালেও জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ফুয়াং ক্লাবে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেডে’ অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সফটওয়্যার জালিয়াতি এবং বিপুল পরিমাণ পণ্যের চালানে অনিয়ম শনাক্তের পর প্রতিষ্ঠানটির চারটি গুদাম সিলগালা করা হয়।
টস বন্ড প্রাইভেট লিমিটেডের মালিকও শেখ নুর ইসলাম। তবে ফুয়াং ক্লাবে শনিবারের অভিযানে এখন পর্যন্ত কী পাওয়া গেছে বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।